স্টাফ রিপোর্টার
সিলেট ও সুনামগঞ্জ এর বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় সাড়ে ৭ কোটি টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়ন সদরে সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সুত্রে জানা যায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় তামাবিল, সংগ্রাম, দমদমিয়া, বিছনাকান্দি, উৎমা, বাংলাবাজার, সোনালীচেলা, পান্থুমাই, মিনাটিলা, শ্রীপুর বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান করে বিপুল পরিমান ভারতীয় সানগøাস, ক্লপ জি ক্রিম, গরু, সুপারি, কম্বল, চকলেট, আইবল ক্যান্ডি, জুস, মদ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে।
এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি টহলদল বাংলাদেশ সেনাবাহিনীর সাথে টাস্কফোর্সের অংশ হিসেবে রাধানগর ও জাফলং সীমান্ত এলাকার বিভিন্ন গোডাউন হতে ট্রাকের মাধ্যমে নিয়ে যাওয়ার সময় তামাবিল-সিলেট মহাসড়কের হরিপুর এলাকার ফতেপুর নামক স্থানে যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী এবং কসমেটিকস সামগ্রী আটক করে। সম্মিলিতভাবে পরিচালিত অভিযানে জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা।
এ ব্যাপারে বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাই পণ্য জব্দ করা হয়। জব্দকৃত চোরাই পণ্য সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





