আ.লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতা গ্রেফতার

5

স্টাফ রিপোর্টার

সিলেটে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনি ও রবিবার পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে মহানগর ২৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের এক নেতা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ২ নেতা এবং জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নেতা রয়েছেন।
পুলিশ জানায়, রবিবার ভোরে মহানগর ২৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা উবাইদুল হক অনিককে (২৪) নগরীর মাছিমপুরস্থ নিজ বাসা থেকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতারকৃত অনিক ওই এলাকার জুনু মিয়ার ছেলে। সম্প্রতি মাছিমপুরে সংঘর্ষের ঘটনায় দায়েকৃত মামলার আসামি অনিক। এছাড়া তিনি ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী দায়েরকৃত একটি মামলার আসামিও। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, রবিবার ভোরে জকিগঞ্জ পৌর এলাকার নিজ বাড়ি থেকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবরকে (৬২) গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত বাবর জকিগঞ্জ পৌর এলাকার কেছরী গ্রামের মৃত আব্দুন নূর মেম্বারের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত এমএজি বাবরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে তিনটি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নিলেও বাকি দুটি মামলায় জামিন নেননি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে এমএজি বাবরকে গ্রেফতার করা হয়। রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
অপরদিকে, শনিবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ ও ব্রাহ্মণডুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়ব আলী। আব্দুল আহাদ ওলিপুর গ্রামের মৃত তালিব আলীর ছেলে ও আব্দুল আহাদ উলুহর গ্রামের মৃত দারোগা আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে থানার (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, তৈয়ব আলী ও আব্দুল আহাদ বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলায় অভিযুক্ত। ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি তারা। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।