স্টাফ রিপোর্টার
সারাদিনই তাপদাহে অস্বস্তি ছিল সিলেটে। এক পশলা বৃষ্টির জন্য চাতক পাখির মতো চেয়ে ছিল খরতাপে থাকা মানুষ। এরই মধ্যে ইফতারের পরপরই স্বস্তির বৃষ্টি নামে সিলেট শহরে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সিলেটে শুরু হয় থেমে থেমে বৃষ্টি। যা স্থায়ী ছিলো প্রায় আধাঘন্টা। বৃষ্টির সাথে স্বস্তি নেমে ছিল সিলেটে। কমে যায় গরমের রেশ।
সিলেটে বৃষ্টির পূর্বাভাস দিয়ে আসছিল আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যার আবহাওয়াই জানান দিচ্ছিল বৃহস্পতিবার রাতে বৃষ্টি হওয়ার। কিন্তু কাঙ্খিত বৃষ্টির দেখা মিলে যায় সন্ধ্যাতেই।
এর আগে সিলেট বিভাগের দু’এক জায়গায় টানা দু’দিন অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দেয় আবহাওয়া বিভাগ। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য জারি করা আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এদিকে, পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরদিন শনিবার সকাল থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।





