জকিগঞ্জ রোডে আজ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

20

স্টাফ রিপোর্টার

আজ মঙ্গলবার থেকে সিলেটের জকিগঞ্জ, বিয়ানীবাজার, বড়লেখা, বারইগ্রাম রোডে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। সিলেটের জকিগঞ্জে রবিবার একাধিক বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ এর প্রতিবাদে পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ এ কর্মসূচির ডাক দিয়েছেন।
বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সোমবার সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চলাচল করেনি। এছাড়া রবিবার রাতে জকিগঞ্জ থানায় মামলা দায়েরের উদ্দেশ্যে ক্ষতিগ্রস্ত বাসের চালক বাদী হয়ে অজ্ঞাত অর্ধশত জনকে অভিযুক্ত করে একটি অভিযোগপত্র দায়ের করেছেন। জানা যায়, রবিবার সকালে ভুর্হিগঞ্জের কামালগঞ্জ আব্দুল মতিন কমিউনিটি সেন্টারের পাশে এক জায়গায় (সড়কের পাশে) শিশু-কিশোররা ফুটবল খেলছিল। হঠাৎ খেলার বল সিলেট-জকিগঞ্জ সড়কে চলে গেলে সেটি আনতে আবির আহমদ (১৪) নামের এক কিশোর দৌড় দেন। এসময় একটি চলন্ত বাসের নিচে পড়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় বিক্ষুদ্ধ জনতা সেই বাস আটকে পার্শ্ববর্তী একটি স্কুলের মাঠে নিয়ে যায় এবং ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরিবহন শ্রমিকদের অভিযোগ, এটি ছাড়াও আরও অন্তত ৮/৯টি বাস ভাঙচুর করা হয়েছে। এর প্রতিবাদে সোমবার পরিবহন শ্রমিকরা সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন।
সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম দৈনিক কাজির বাজারকে জানান, আমাদের বাসের চালক অন্যায় করলে আইন অনুযায়ী তার শাস্তি হবে। কিন্তু আইন হাতে তুলে নিয়ে বাস ভাঙচুর করা ও পুড়ানো সন্ত্রাসী কাজ। আমরা এর বিচার চাই। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের চালক বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা দায়েরের আবেদন করেছেন।
তিনি বলেন, আমাদের অন্তত ৮/৯টি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এর প্রতিবাদে ও নিরাপত্তার অভাবে আমাদের চালকরা সোমবার খেকে সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে পরিবহন ও চালকদের নিরাপত্তা নিশ্চিত ও আমাদের সকল দাবি না মানলে আমরা সিলেট জেলা ও পরবর্তীতে বিভাগে ধর্মঘটের আহবান করবো।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-মিনিবাস চলাচল করছে না বলে জানতে পেরেছি। বাসা ভাঙচুরের দাবি করে রবিবার রাতে হেলাল মিয়া নামের একজন লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেটি আমরা তদন্ত করে দেখছি। উপজেলাজুড়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রস্তুত রয়েছে পুলিশ।
এদিকে, সিলেট-জকিগঞ্জ সড়কে সকাল থেকে বাস, মিনিবাস ও মাইক্রোবাস বন্ধ থাকায় দিনভর চরম দুর্ভোগ পোহান যাত্রীরা। বিশেষ করে অফিসগামীরা চরম ভোগান্তিতে পড়েন। তারা অতিরিক্ত ভাড়া গুনে বিকল্প যানবাহনে অফিসে যান এবং অফিস থেকে বাড়ি ফেরেন।