সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জে মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেলেও গ্রামবাসী ইজিবাইকটি আটক করেছে বলে জানা গেছে। নিহতরা হলেন-জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের বেহেলী আলীপুর গ্রামের মৃত শুকুর মাহমুদের ছেলে আশিক নূর (৪০) ও তার বন্ধু একই ইউনিয়নের বাঘানী গ্রামের মৃত জামাল মিয়ার ছেলে সুলেমান মিয়া (৩৮)।
রোববার রাতে সাচনা-বেহেলী সড়কের রাজাপুর নামক সেতুর পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আশিক নূর ও সুলেমান মিয়া দুইজন বন্ধু। তারা রোববার রাতে সাচনা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে রাজাপুর সেতু সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আশিক নূর ঘটনাস্থলে মারা যায়। সুলেমান মিয়াকে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ.ম কামাল হোসাইন সোমবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আশিক নূরের ছোট ভাই রাশিদ বাদী হয়ে চালক ইয়ামীনকে আসামি করে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে জেলার তাহিরপুরে নানার বাড়ি বেড়াতে এসে অটোরিকশাচাপায় ফারিহা আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়ন ভাটি তাহিরপুর গ্রামের তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় সড়কে ঘটনাটি ঘটে।
নিহত ফারিহা উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পাটাবুকা গ্রামের শরীফুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গত কয়েক দিন পূর্বে ভাটি তাহিরপুর গ্রামে নানা আমির উদ্দিনের বাড়িতে বেড়াতে আসে ফারিহা আক্তার। রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে সড়কের পাশের দোকানে কলম আনতে যাওয়া সময় তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে তাহিরপুর বাজারে যাওয়ার পথে অটোরিকশা চালক অনিক মিয়া (২২) শিশুটিকে চাপা দিলে শিশু ফারিহা গুরুত্বর আহত হয়। এসময় চালক ও একজন যাত্রী গুরুত্বর আহত হয়। পরে তাদেরকে পরিবারের লোকজন উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ পাঠানো হলে পথিমধ্যে ফারিহা আক্তার মারা যায়। আর চালক ও যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় অটোরিকশাটি আটক করেন এলাকাবাসী।
খবর পেয়ে ঘটনাস্থলে যান তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী। তিনি জানান, খুবই হৃদয় বিদারক ঘটনা।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।






