উৎসবমুখর পরিবেশে সিলেটে মন্ত্রী-এমপিসহ ৪৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

63

সিন্টু রঞ্জন চন্দ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসন থেকে উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে দলের মনোনীত ও স্বতন্ত্র ৪৮ প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসকের কাছে তারা এসব মনোনয়নপত্র জমা দেন। এসময় নিজ নিজ দলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন।
সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ রাসেল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সিলেটের ৬টি আসনে ৪৮টি মনোনয়নপত্র জমা হয়েছে। এরমধ্যে সিলেট-১ আসনে ৮টি, সিলেট-২ আসনে-১৪টি, সিলেট-৩ আসনে ৮টি, সিলেট-৪ আসনে ৪টি, সিলেট-৫ আসনে ৮টি ও সিলেট-৬ আসনে ৬টি মনোনয়নপত্র জমা দেয়া হয়।
মনোনয়ন দাখিল করা দলগুলো হচ্ছে- আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, ইসলামী ঐক্যজোট, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ কংগ্রেস, জাকের পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক জোট, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ মুসলিম লীগ।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সিলেটের ৬টি আসন থেকে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ৬ জন, জাতীয় পার্টির ৫ জন, তৃৃণমূল বিএনপি ৬ জন, ইসলামী ঐক্যজোটের ৪ জন, ন্যাশনাল পিপলস পার্টির ৩ জন, বাংলাদেশ কংগ্রেসের ৩ জন, জাকের পার্টির ৩ জন, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের ২ জন, গণফোরামের ১ জন, কৃষক শ্রমিক জনতা লীগের ১ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ১ জন, বাংলাদেশ মুসলিম লীগের ১ জন এবং স্বতন্ত্র ১১ জন। অপর দলের এক প্রার্থীর নাম পাওয়া যায়নি। এদিকে সিলেটের ৬টি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ৫৮ জন নেতা। তবে সিলেটের এই ৬টি আসনে মনোনয়ন পত্র দাখিলকারী ১৪ প্রার্থীর নাম পাওয়া গেছে। বাকী প্রার্থীদের নাম জানা যায়নি।
সিলেট-১ আসন:
সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। দুপুরে তিনি নেতা-কর্মীকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
সিলেট-২ আসন থেকে ২ প্রার্থী:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুর রহমান চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে শফিক চৌধুরী দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার শেখ রাসেল হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা শেষে শফিক চৌধুরী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি বিগত দুইটি সংসদ নির্বাচনে অংশ নেইনি। সারাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চললেও বিশ্বনাথ ও ওসমানীনগরবাসী অনেকটা পিছিয়ে পড়েছেন। এই এলাকার মাটি ও মানুষের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার কাক্সিক্ষত উন্নয়ন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। ইনশা আল্লাহ, মানুষের ভালোবাসায় বিপুল ভোটের মধ্য দিয়ে বিজয়ী হয়ে আমি বঙ্গবন্ধু কন্যাকে এই আসনটি পুনরায় উপহার দিতে পারবো। পরে তিনি বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে পৃথক মনোনয়নপত্র জমা দেন। এসময় দুই উপজেলার দলীয় বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সিলেট-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী দলটির ভাইস চেয়ারম্যান ইয়াহইয়া চৌধুরী এহিয়া মনোনয়পত্র জমা দেন দুপুরে। তিনিও শতাধিক নেতা-কর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
সিলেট-৩ আসন থেকে ৩ প্রার্থী:
সিলেটের জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার শেখ রাসেল হাসানের হাতে মনোনয়নপত্র দাখিল করেছেন সিলেট-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব এমপি। তিনি বর্তমানে ওই আসনের এমপি। এ আসন থেকে বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার শেখ রাসেল হাসানের হাতে এ মনোনয়নপত্র দাখিল করেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক।
এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী হিসেবে সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের জন্য মনোনয় পত্র দাখিল করেছেন সিলেট জেলা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মৃতি সংসদের সভাপতি, জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবী কফিল আহমদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা প্রশাসন কার্যালয়ে অবস্থিত রিটানিং অফিসারে কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। জেলা রিটানিং অফিসার ও সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এ মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মকদ্দস আলী, বাবলু মিয়া, সাহেল আহমদ চৌধুরী কামাল, সজিব আলী, শাহ সিদ্দিকুর রহমান, সাকিব আহমদ প্রমুখ।
এদিকে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ও আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল। বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসানের নিকট ডা. দুলালের পক্ষে তার প্রস্তাবকারী ও সমর্থনকারী মনোনয়নপত্রটি জমা দেন।
সিলেট-৪ আসন:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে টানা সপ্তমবারের মতো মনোনয়নপত্র জমা দেন তিনি। এদিন দুপুর ১২টার দিকে সিলেট জেলা ও মহানগরের প্রথম সারির নেতাকর্মীদের নিয়ে রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
সিলেট-৫ আসন থেকে ২ প্রার্থী:
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) সংসদীয় আসন থেকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের নিকট মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর পক্ষে আল-ইসলাহ নেতৃবৃন্দ মনোনয়নপত্র জমা করেন। এছাড়া এ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় উৎসব মুখর পরিবেশে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে সিলেট জেলা প্রশাসক (রিটার্নিং) অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেন।
সিলেট-৬ আসন থেকে ৬ প্রার্থী:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিলেট-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন প্রার্থী। বৃহস্পতিবার (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) দুই উপজেলাসহ সিলেট জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা শেখ রাসেল হাসানের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ, জাতীয় পার্টির চেয়ারপার্সনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ সেলিম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এবং দৈনিক শুভ প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক সরওয়ার হোসেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সকল প্রার্থীর দলীয় ও নিজ বলয়ের অনুসারী নেতৃবৃন্দ। বিকেলে মনোনয়নপত্র জমা দেন সিলেট-৬ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো বৃহস্পতিবার ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আজ শুক্রবার ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।