স্টাফ রিপোর্টার :
জকিগঞ্জে অস্ত্র মামলায় এক ডাকাতের ২১ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল রবিবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মিজানুর রহমান ভূঁইয়া এ রায় ঘোষণা করেন। ওই আদালতের বেঞ্চ সহকারী মো: সৈয়দ আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্ত আসামীর নাম-জাকির হোসেন (২৫)। সে জকিগঞ্জ থানার শরিফাবাদ গ্রামের মৃত হেলাল উদ্দিন উরফে হেলাল ডাকাতের পুত্র। রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্ত আসামী জাকির আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২৬ এপ্রিল গভীর রাতে এসএমপি শাহপরান থানার বালুচরের মোছব্বিরের কলোনী থেকে ডাকাত জাকির হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ তাকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান করে জকিগঞ্জ থানায় নিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে ডাকাত জাকির হোসেন স্বীকার করে ডাকাতীর কাজে ব্যবহৃত অস্ত্র তার বাড়িতে রয়েছে। পরে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল সেখানে তার কথা মতো বসতঘরে তল্লাসী চালিয়ে লাকড়ির ঘরে মাটিতে পুতানো অবস্থায় দেশীয় তৈরী সচল একটি পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। এ ব্যাপারে জকিগঞ্জ থানার এসআই রাজীব মন্ডল বাদি হয়ে অস্ত্র আইনে গ্রেফতারকৃতের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। যার নং- ১১ (২৭-০৪-২০১৫)।
দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ২৯ মে জকিগঞ্জ থানার এসআই মো: মনোয়ার হোসেন একমাত্র জাকির হোসেনকে অভিযুক্ত করে আদালতে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র নং-৫৭) দাখিল করেন এবং একই বছরের ১৪ সেপ্টেম্বর থেকে আদালত এ মামলার বিচারকার্য শুরু করেন। দীর্ঘ শুনানী ও ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামী জাকির হোসেনকে ১৮৭৮ সনের অস্ত্র আইন (সংশোধনী/০২) এর ১৯-অ ধারায় দোষী সাব্যস্ত করে ১৪ বছরের সশ্রম কারাদন্ড এবং ১৯ (ভ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। উভয় ধারার সাজা একই সাথে ভোগ করতে হবে।
রাষ্ট্রপক্ষে এপিপি এডভোকেট এসএম পারভীন ও আসামীপক্ষে এডভোকেট মোহাম্মদ শহিদুল্লাহ মামলাটি পরিচালনা করেন।







