২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা ॥ সিলেটে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত

7

স্টাফ রিপোর্টার :
সিলেটে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত রেখেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দিনব্যাপী পরিচালিত পৃৃথক অভিযানে বিভিন্ন স্থানে দোকানগুলোতে মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ভোজ্যতেল বিক্রয় এবং টেম্পারিং করার অপরাধে মোট ২ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দ বাজারে ৩ প্রতিষ্ঠানকে ২৮ হাজার, হবিগঞ্জ জেলার সদর উপজেলার চৌধুরী বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার ও মৌলভীবাজার জেলাসদরে ৫টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্য, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), কৃষি বিপণন কর্মকর্তা এবং বাজার কমিটির সদস্যবৃন্দ। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ভোক্তা অধিকার। অভিযানকালে ব্যবসায়ীদের ভোক্তা-স্বার্থ সংরক্ষণ ও আইনকানুন মেনে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে প্রচারণামূলক লিফলেট-পাম্পলেট বিতরণ ও মাইকিং করা হয়।