কাজিরবাজার ডেস্ক :
ঘূর্ণিঝড় আম্ফানের রেশ এখনো পুরোপুরি কাটেনি। দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ এখনো মেঘলা। তবে এই মেঘলা আকাশ আরো দুইদিন অব্যাহত থাকতে পারে। এদিকে আগামী দুইদিনের যেকোনো একদিন ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুইদিনের যেদিনই হোক না কেন, ঈদের দিন দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার সকালে এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ মো. আব্দুল মান্নান বলেন, রবিবার ও সোমবার আকাশ মেঘলা থাকবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই বিভাগগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে গতকাল শনিবার সন্ধ্যায় সভায় বসেছেন জাতীয় চাঁদ দেখা কমিটি। তারা সিদ্ধান্ত নেন সোমবার ঈদ হবে। আর দেশের কোথাও চাঁদ দেখা না গেলে রবিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে সোমবার।



