ওসমানীনগরে আন্ত:বিভাগীয় সিএনজি অটোরিক্সা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

12

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
পরিত্যক্ত সিএনজির সূত্রধরে আন্ত:বিভাগীয় ৫ সিএনজি চোরকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে- উপজেলার ছোট ধিরারাই গ্রামের গয়াছ মিয়া, বিশ্বনাথ উপজেলার নওধার গ্রামের হাছন আলী, আরশ আলী, ও সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার চালবন গ্রামের দুলাল মিয়া। এর আগে জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও গ্রামের লেবু মিয়া নামের একজনকে আটকের পর শুক্রবার দিবাগত রাতে সিলেটের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আন্ত:জেলা সিএনজি (অটোরিক্সা)চোর চক্রের অপর ৪ সদস্যকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোট ধিরারাই গ্রামের গয়াছ আলীর বাড়ি থেকে চোরাইকৃত একটি নম্বর বিহীন সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গয়াছ আলী বাড়ি থেকে পালিয়ে যায়। এ সময় এ ঘটনার সাথে জড়িত সন্দেহে জগন্নাথপুর উপজেলার পীরের গাঁও গ্রামের লেবু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করে। থানা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত লেবু মিয়ার কাছ থেকে বেরিয়ে আসে সিএনজি অটোরিক্সা চোরের মূল সিন্ডিকেট। পরবর্তীতে লেবুর দেওয়া তথ্যমতে ওসমানীনগর, বিশ্বনাথ ও বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গয়াছ মিয়া, হাছন আলী, আরশ আলী ও দুলাল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গতকাল শনিবার গ্রেফতারকৃত আদালতে প্রেরণ করা হয়েছে। ওসমানীনগর থানার এস আই সুজিত চক্রবর্তী সিএনজি চোরদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আন্ত:বিভাগীয় সিএনজি চালিত অটোরিক্স চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তাদের দেয়া তথ্যগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হবে।