একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে নৌকা প্রতীকে লড়াইয়ের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি একে আবদুল মোমেন।
বুধবার দুপুর আড়াইটার দিকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন ড. মোমেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও তার বোন সাবেক জাতীয় অধ্যাপক ড. শায়লা খাতুন।
এছাড়া সিলেট-৩ আসনে লড়াইয়ের জন্য আওয়ামী লীগের মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।
তাদের দুইজনের পাশাপাশি সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জুনায়েদ মোহাম্মদ। সিলেট-২ আসনে এনপিপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন মনোয়ার হোসেন।
মনোনয়নপত্র জমা দেয়ার পর একে আবদুল মোমেন বলেন, আমার সঙ্গী আমার বড় ভাই। তাই ভাই-বোনকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিয়েছি। উন্নয়নের মহাযাত্রা সফল করতে নির্বাচনে প্রার্থী হয়েছি। এ আসনে জয়ের আশাবাদ রাখি আমি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সিলেট-৪ আসনের এমপি ইমরান আহমদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, অ্যাডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম প্রমুখ।










