জুড়ীতে লক্ষাধিক টাকার গাছ জব্দ

9

জুড়ী সংবাদদাতা

মৌলভীবাজারের জুড়ী সীমান্ত এলাকা থেকে লক্ষাধিক টাকা মূল্যের পরিত্যক্ত গাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রবিবার রাত প্রায় ১০টায় উপজেলার ফুলতলা ইউনিয়নের সীমান্তবর্তী কোনাগাঁও গ্রামে পরিত্যক্ত অবস্থায় গাছগুলো জব্দ করা হয়।
জানা যায়- বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর আওতাধীন ফুলতলা বিওপির একটি টহলদল সীমান্ত হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব কোনাগাঁও এলাকায় কয়েক খন্ড গাছ পড়ে থাকতে দেখে। অনেক খোঁজার পরেও কোনো মালিক না পাওয়ায় পরিত্যক্ত অবস্থায় গাছগুলো জব্দ করা হয়। কালাওঝা ও লাটিম জাতীয় ৩৩ সিএফটি গোল গাছের বাজার মূল্য ১ লাখ ৩২ হাজার টাকা।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর পরিচালক (অধিনায়ক) লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, গাছে বন বিভাগের কোনো মার্কা নেই। তাছাড়া বৈধ কাগজপত্রসহ কোনো মালিক না পাওয়ায় অবৈধ হিসেবে গাছগুলো জব্দ করা হয় এবং যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট বিভাগে হস্তান্তর করা হয়েছে।