কুলাউড়া সংবাদদাতা
মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিলেন আশিক মিয়া (৩০) নামের এক যুবক। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার টিলাগাঁও রেলওয়ে স্টেশনের অদূরে রবিরবাজার-টিলাগাঁও লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহত আশিক উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর বাখরনগর গ্রামের মখলিছ মিয়ার ছেলে। ঘটনার আগে ফেসবুকে আশিকের একটি ভিডিও বার্তা ভাইরাল হয়। ভিডিওতে তিনি অভিযোগ করেন- স্ত্রীর ‘অত্যাচারে অতিষ্ঠ’ হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার জানান, কুলাউড়া ও লংলা স্টেশনের মধ্যবর্তী ওই লেভেল ক্রসিংয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান আশিক মিয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।





