আজ শুভ জন্মাষ্টমী

4

স্টাফ রিপোর্টার

আজ শনিবার সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। এ উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করবে।
হিন্দু পুরাণমতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের কাছে নেমে আসেন এবং সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা করেন।
সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে ইসকন সিলেট মন্দিরে কর্মসূচি গ্রহণ করেছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জন্মাষ্টমীর শুভ অধিবাসের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। মূল কর্মসূচি, আজ শনিবার সকাল ৯টায় শোভাযাত্রা নগরীর কাজলশাহস্থ ইসকন মন্দির থেকে শুরু হয়ে রিকাবীবাজার-মির্জাজাঙ্গাল-জিন্দাবাজার-নাইওরপুল-বন্দর-তালতলা-মির্জাজাঙ্গাল-রিকাবীবাজার ঘুরে পুনরায় ইসকন মন্দিরে এসে শেষ হবে। শোভাযাত্রার পর দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কীর্তনমেলা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাঅভিষেক অনুষ্ঠান ও অনুকল্প প্রসাদ বিতরণ করা হবে।