শান্তিগঞ্জে ইয়াবাসহ আটক ১

14

এমএম ইলিয়াছ আলী, শান্তিগঞ্জ

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বুড়ুমপুর গ্রামে দুই মাদক ব্যবসায়ীর বসত বাড়ীতে থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৬৮০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযান কালে শান্তিগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ফারুক আহমদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং ফারুক মিয়া নামে অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার বুড়ুমপুর গ্রামে ফারুক আহমদ দীর্ঘদিন ইয়াবা ব্যবসা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে শান্তিগঞ্জ থানা এলাকার দরগাপাশা ইউনিয়নের বুড়ুমপুর গ্রামে মাদক ব্যবসায়ী ফারুক আহমদের বসত বাড়ীতে শান্তিগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় থানা পুলিশ ও সেনা বাহিনীকে দেখে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ফারুক আহমদকে আটক করে তল্লাশী কালে তার পরিহিত পন্টের পকেট থেকে ১৭০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটক ফারুক আহমদকে জিজ্ঞাসাবাদে অপর মাদক ব্যবসায়ী ফারুক মিয়ার বসত বাড়ীতে অভিযান পরিচালনা করা কালে ফারুক মিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর অভিযান টের পেয়ে পালিয়ে যায়। পরে তার বসত ঘরের আলমিরা তল্লাশী করে সেখান থেকে আরো ৫শ ১০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ফারুক মিয়ার বসত ঘর থেকে মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক ১ লক্ষ ৫৩ হাজার টাকা। আটক ফারুক আহমদ(৪০) সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন খলাছড়া ইউনিয়নের লোহারমন গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে এবং দীর্ঘদিন ধরে বুড়ুমপুর গ্রামে বসবাস করেন। অপর পালিয়ে যাওয়া আসামী ফারুক মিয়া(৩৮) শান্তিগঞ্জ থানাধীন দরগাপাশা ইউনিয়নের বুড়ুমপুর গ্রামের মৃত সফর আলীর ছেলে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। আসামীকে আদালতে চালান দেয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।