মুরাদ হাসান, জৈন্তাপুর
জৈন্তাপুরে র্যাব-৯ এর সিপিএসসি, সিলেট শাখার মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জৈন্তা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৯৪ বোতল বিদেশি মদসহ ইমন আহমেদ (২১) নামের ওই যুবককে আটক করে র্যাব। সে উপজেলার মোকামবাড়ী আলুবাগান এলাকার আব্দুর রহমানের পুত্র। র্যাব-৯ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল দুপুর ২টা ৩৫ মিনিটে জৈন্তাপুর উপজেলার জৈন্তা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ব্যাগ ও কার্টনে মোড়ানো অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৩৯৪ বোতল বিদেশি মদসহ ইমনকে হাতেনাতে আটক করা হয়। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ইমন আহমেদ মাদকদ্রব্য গুলো নিজ হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আটকের পর সন্ধ্যায় জব্দকৃত বিদেশি মদগুলোকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
অপর এক অভিযানে জৈন্তাপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ১৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেনÑগোয়াইনঘাট উপজেলার বড়বন্দ গ্রামের মো. নজরুল ইসলামের পুত্র মো. আশিক মিয়া (১৯) এবং একই উপজেলার রাধানগর (ভিত্রিখেল) গ্রামের মৃত বাবুল মিয়ার পুত্র মো. আনোয়ার হোসেন (২৭)।
১৯ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জৈন্তাপুর উপজেলার লামাপাড়া ফেরীঘাট এলাকায় অভিযান চালায় ১৯ বিজিবির দায়িত্বাধীন জৈন্তাপুর বিওপি’র টহল দল। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় নায়েব সুবেদার মো. মুজিবুর রহমানের নেতৃত্বে তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সিলেটগামী একটি রানার মোটরসাইকেল আটক করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলের দুই আরোহী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধরে ফেলে বিজিবি সদস্যরা। পরে তল্লাশিতে আশিক মিয়ার পকেটে লুকিয়ে রাখা একটি নীল পলিথিন ব্যাগ থেকে ১৮৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৫৪ হাজার ৯০০ টাকা। শনিবার সন্ধ্যায় জব্দকৃত আলামতসহ আটককৃতদের জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করে বিজিবি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন,
এ বিষয়ে ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে জকিগঞ্জ ব্যাটালিয়নের পক্ষ থেকে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় উক্ত অভিযান চালানো হয়।






