স্টাফ রিপোর্টার
নগরীর জিন্দাবাজারে দুই রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
দুটি রেস্টুরেন্টের মধ্যে পাঁচ ভাই রেস্টুরেন্টকে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত না করার অভিযোগে ৫০ হাজার টাকা ও পানসি রেস্টুরেন্টকে বাসি খাবার সংরক্ষণ ও পরিবেশনের প্রস্তুতির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা জানান, জরিমানা আদায়ের পাশপাশি সতর্ক করা হয়েছে রেষ্টুরেন্ট ব্যবসায়ীদের। জনস্বার্থ বিবেচনায় এই অভিযান অব্যাহত থাকবে। কোথাও ভোক্তা অধিকার ক্ষুন্ন, গ্রাহক হয়রানি-জুলুমের ঘটনা ঘটলে তাৎক্ষণিক বিষয়টি সংশ্লিষ্ট অধিদপ্তরকে জানানোর অনুরোধ জানান তিনি।







