ট্রেনের ধাক্কায় জমিতে বরের গাড়ি

14

ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা

ফেঞ্চুগঞ্জে ট্রেনের ধাক্কায় সড়ক থেকে ছিটকে একটি বিয়ের গাড়ি ধানি জমিতে গিয়ে পড়ে। এ ঘটনায় আহত হয়েছেন চালক হোসেন আহমদ। তবে দুর্ঘটনার সময় গাড়িটিতে কোন যাত্রী ছিলেন না। মঙ্গলবার দুপুরে ফেঞ্চুগঞ্জ রেলস্টেশনের পাশের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের জন্য একটি প্রাইভেটকার ফুল দিয়ে সাজানোর পর বরকে আনতে বরের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলো। ফেঞ্চুগঞ্জ উপজেলার রেলস্টেশন রেলক্রসিংয়ে আসা মাত্রই টয়োটা এলিয়ন কারটির স্টার্ট বন্ধ হয়ে যায়। এসময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামি পাহাড়িকা ট্রেন গাড়িটিকে সজোরে ধাক্কা দিলে রাস্তা থেকে প্রায় ৫০ ফুট দূরে পাশের ধানি জমিতে গিয়ে পড়ে। এ ঘটনায় আহত হন প্রাইভেকারের চালক আহমদ হোসেন (৩৮)। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়েত হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তার আগেই স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: রাসেদুল হক জানান, আহত চালক বুকে আঘাত পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।