আল-হেলাল সুনামগঞ্জ থেকে :
করোনা ভাইরাসের সংক্রমণ আতংকের ফলে দেশব্যাপী দুর্যোগের প্রেক্ষিতে সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত মসজিদের ইমাম মুয়াজ্জিনদের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশের সকল মসজিদে ১২২ কোটি ২ লক্ষ ১৫ হাজার টাকা অনুদান প্রদান করেছেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ নানাবিধ কারণে দেশের মসজিদগুলোতে মুসল্লীগণ স্বাভাবিকভাবে ইবাদত করতে পারছেন না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় হ্রাস পেয়েছে। ফলে মসজিদের দৈনন্দিন ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। বিরাজমান পরিস্থিতিতে মসজিদ সমূহের আর্থিক অসচ্ছলতা দূরীকরণে প্রধানমন্ত্রী প্রত্যেক মসজিদে অনুদান প্রদান করেছেন।
সারা দেশের ন্যায় সুনামগঞ্জ জেলায় (কওমী মাদ্রাসাযুক্ত ছাড়া) ৩৬৪৩টি মসজিদ এ অনুদান পেয়েছে। এজন্য মোট বরাদ্দ হয়েছে ১ কোটি ৮২ লাখ ১৫ হাজার টাকা। মসজিদ প্রতি ৫ হাজার টাকা হারে উক্ত অনুদান প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া ও এডভোকেট আবুল হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে উক্ত অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে জেলার নির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানরা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের অর্থ জেলার ১১টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইমাম মুয়াজ্জিনগণের হাতে তুলে দিয়েছেন বলে শুক্রবার বিকেলে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আবু সিদ্দিকুর রহমান।
এর আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জেলার ৩১৫টি কওমী মাদ্রাসাকে ৩২ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ১০,১৫,২০ হাজার টাকা হারে ছোট মাঝারি ও বড় ইত্যাদি ৩ ক্যাটাগরীতে চিহ্নিত করে গত ২৪ মে রবিবার সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার প্রধানগনের কাছে অনুদানের চেক তুলে দেয়া হয়। মাদ্রাসা শিক্ষকদের হাতে চেক তুলে দেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।







