ছাতকে বালু লুটের প্রতিবাদে মানববন্ধন

1

ছাতক প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ইজারা বিহীন মরা চেলা নদীতে চৈলতা ঢালায় অবৈধ ভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলনের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলার চৈলতা ঢালার নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সোনাপুর গ্রামের আলী মিয়া, ইজিল করিম, ব্যবসায়ী আইনুল করিম, শ্রমিক নেতা আতাউর রহমানসহ প্রমুখ। বক্তারা বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র রাতের অন্ধকারে ড্রেজার ও লিস্টার মেশিন ব্যবহার করে নদীর তলদেশ এবং পাড় কেটে বালু উত্তোলন করছে। পরে প্রতিদিন ১০ থেকে ২০টি বাল্কহেডে করে সেই বালু বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে বলে তাদের দাবি। এতে নদীর পাড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং ভাঙনের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়েছে।
বক্তারা আরো বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না হলে উত্তর রহমতপুর গ্রামের অন্তত ৪০টি পরিবারের বসতবাড়ি, একটি মসজিদ, সরকারি বেরিবাঁধ, চলাচলের রাস্তা এবং বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
বক্তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নদীর পাড়, সরকারি বেরিবাঁধ ও স্থানীয় জনগণের জানমাল রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহŸান জানান। এ বিষয়ে ছাতক উপজেলার নিবাহী কর্মকতা মহি উদ্দিন বলেন খোজখবর নিয়ে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের ঘটনায় এর আগে এসিল্যান্ড ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা সম্পন্ন করে জড়িতদের বিরুদ্ধে আজকে মামলা রুজু করা হবে।