কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের সীমান্তবর্তী উপজেলা ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে যাওয়া চিকিৎসক সুব্রত সাহা বিকাশের (৩৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ভোলাগঞ্জ রোপওয়ে বাংকারের ৩নং পিলারের কাছে ধলাই নদীতে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন রুবেল মিয়া নামের এক মাঝি।
মাঝি রুবেল মিয়া জানান, তিনি সকালে মাছ ধরতে যান। এসময় নিখোঁজ পর্যটক সুব্রত সাহা বিকাশ, এর মাথায় চুল ভেসে থাকতে দেখতে পান এবং পরবর্তীতে তার মরদেহ নৌকায় তুলে উদ্ধার করেন।
এরআগে বৃহস্পতিবার (২ জুলাই) বেলা সোয়া ২টায় সাদাপাথরের জিরোপয়েন্টের ধলাই নদীর উৎস মুখে গোসল করতে নামলে নিখোঁজ হন তিনি। সুব্রত সাহা লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। তিনি ৩ বন্ধুর সাথে ঢাকা থেকে সিলেটে ভ্রমণে এসেছিলেন। ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জগৎ জ্যোতি দাস বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।







