নগরীতে ৩২ ঘণ্টার গ্রেফতার ৬৬

2

স্টাফ রিপোর্টার

নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গত ৩২ ঘণ্টার বিভিন্ন অপরাধে ৬৬ জনকে গ্রেফতার করেছে এসএমপি। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৮৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি সূত্র জানায়, গত রবিবার রোববার (শবিবার দিবাগত) রাত ১২টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, জুয়াড়ি, হকার, সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত আসামিরা রয়েছেন। অভিযান চলাকালে ৪০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে।
এদিকে, ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৮৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয় এবং ১০৪টি যানবাহন আটক করা হয়। সব মিলিয়ে মোট ১৮৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। পাশাপাশি অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।