নিজ কেন্দ্রে পরীক্ষা দেয়ার দাবিতে ছাতক ডিগ্রী কলেজের পরীক্ষার্থীদের স্মারকলিপি পেশ

54

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতক ডিগ্রী কলেজের পরীক্ষার্থীরা নিজ কেন্দ্রে ডিগ্রী (পাস) পরীক্ষা দেয়ার দাবিতে রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেছে। পরীক্ষার্থীরা গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে যোগাযোগসহ নানাবিধ সমস্যার কথা স্মারকলিপিতে তুলে ধরেন। শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ছাতক ডিগ্রী কলেজে ১৯৮৭ সালে এইচএসসি ও ১৯৯৭ সালে ডিগ্রী(পাস) পরীক্ষা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে ২০০২ সাল পর্যন্ত নিয়মিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। হঠাৎ করে ২০০৩ সাল থেকে পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করা হলে পরীক্ষার্থীদের নানা ভোগান্তিতে পড়তে হয়। ছাতক থেকে প্রায় ১৫কিলোমিটার দূরে গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ কেন্দ্রে ছাতক কলেজের পরীক্ষার্থী এবং ছাতক ডিগ্রী কলেজ কেন্দ্রে গোবিন্দগঞ্জ কলেজের পরীক্ষার্থী পরীক্ষা দেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এতে পরীক্ষার্থীরা মানষিকভাবে ভেঙ্গে পড়ে। বিশেষ করে ছাত্রীদের পরীক্ষা দিতে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। উভয় কেন্দ্রের আশপাশে কোন হোষ্টেল, মেস বা বাড়ি ভাড়া নেয়ার মতো কোন ব্যবস্থা না থাকায় পরীক্ষার্থী ও অভিভাবকদের বাড়তি ঝামেলা পোহাতে হচ্ছে। সড়ক যোগাযোগ ভালো না থাকায় যথা সময়ে কেন্দ্রে উপস্থিত হতেও কষ্ট সাধ্য হয়ে পড়েছে। এ ছাড়া পরীক্ষার সময় পরিবহন সমস্যার পাশাপাশি অধিক ভাড়া পরিশোধ করতে হয় পরীক্ষার্থীদের। এসব সমস্যা সমাধানের লক্ষ্যে শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে স্মারকলিপি, মানববন্ধন কর্মসূচী পালন ও ক্লাস বর্জনের মত কর্মসূচী পালন করেছে। শিক্ষার্থীদের ন্যায় সঙ্গত দাবীর প্রেক্ষিতে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক কলেজ পরিচালনা পর্ষদের এক সভায় পরীক্ষার্থীদের নিজ কেন্দ্রে পরীক্ষা দেয়ার বিষয়টি চূড়ান্ত হয়। এরই প্রেক্ষিতে ২০১২সালে ৪অক্টোবর সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে এমপির ডিও লেটারসহ আবেদন করা হলে ২০১৩সাল থেকে পরীক্ষার্থীরা নিজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দেয়ার আবারো সুযোগ সৃষ্টি হয়। কিন্তু ডিগ্রী(পাস) পরীক্ষা এখন পর্যন্ত নিজ কেন্দ্রে দিতে পারছে না পরীক্ষার্থীরা। ফলে পরীক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা এবং পরীক্ষা প্রস্তুতিতেও মারাত্মকভাবে ব্যাঘাত ঘটছে। তারা নিজ কেন্দ্রে ডিগ্রী(পাস) পরীক্ষা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দাবী জানান। একই দাবীতে গোবিন্দগঞ্জ কলেজের ডিগ্রী(পাস) পরীক্ষার্থীরাও পৃথক স্মারকলিপি প্রদান করে।