শান্তিগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের নজিব আলী (৭০) এবং আরিছ আলী (৫৫) পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত মঙ্গলবার সন্ধ্যায় আস্তমা পয়েন্টে উভয় পক্ষের মধ্যে প্রথম দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে আস্তমা পয়েন্ট থেকে কিছু দূরে নজিব আলীর বাড়ির পাশের মোবাইল টাওয়ারের সামনে পুনরায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ৫ জন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় আরিছ আলী পক্ষের রুস্তম আলীকে (৩৫) উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকাÐের পর পুলিশ জড়িত সন্দেহে শান্তিগঞ্জ থানার আস্তমা গ্রামের নজিব আলী (৭০), একই গ্রামের এক শিশু এবং ছাতক থানার খুরমা ইউনিয়নের জুয়েল মিয়াকে (৩৭) আটক করে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় এজাহার প্রাপ্তি সাপেক্ষে নিয়মিত মামলা রুজু করা হবে। এদিকে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন এবং উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক শিশুসহ তিন জনকে ৫৪ ধারা মোতাবেক আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি আরও বলেন, আটক অভিযুক্তদের বিরুদ্ধে এবং ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে এজাহার প্রাপ্তি সাপেক্ষে নিয়মিত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত অন্যদের শনাক্ত ও আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




