নগরীতে ৩২ ঘণ্টার গ্রেফতার ১১৬

3

স্টাফ রিপোর্টার

নগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গত ৩২ ঘন্টায় ১১৬ জনকে গ্রেফতার করেছে এসএমপি। গত মঙ্গলবার (সোমবার দিবাগত) রাত থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয়। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৭০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে হত্যা, দস্যুতা ও মাদকসহ বিভিন্ন নিয়মিত মামলার আসামি যেমন রয়েছে, তেমনই রয়েছেন আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। এছাড়া মাদকসেবী, ছিনতাইকারী, চোর, জুয়াড়ি, হকার। এমনকি ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রো অধ্যাদেশ লঙ্ঘনকারী ব্যক্তিদেরও এই অভিযানে আইনের আওতায় আনা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, নগরীর সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে ছিল এসএমপি ট্রাফিক বিভাগ। ৩২ ঘণ্টার এই অভিযানে মোট ৭৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৯৭টি গাড়ি আটক করা হয়। সব মিলিয়ে ১৭০টি যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ।
মহানগর পুলিশ জানায়, অপরাধমুক্ত ও নিরাপদ নগরী গড়তে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের এমন নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।