জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলাকে মাদকমুক্ত করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের কাছে ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেছে সামাজিক সংগঠন ‘মাদক মুক্ত আন্দোলন জৈন্তাপুর’।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে এ স্মারকলিপি হস্তান্তর করেন। স্মারকলিপিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে জৈন্তাপুরে মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। মাদকাসক্তি ও মাদক ব্যবসার কারণে স্থানীয় যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং সামাজিক স্থিতিশীলতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
সংগঠনের উত্থাপিত ৫ দফা দাবির মধ্যে রয়েছে, মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে নিয়মিত ও কঠোর অভিযান পরিচালনা, মাদক বিক্রয়-পরিবহন ও সেবনের সঙ্গে জড়িতদের দ্রæত আইনের আওতায় আনা, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনিক নজরদারি বৃদ্ধি, নিয়মিত মাদকবিরোধী জনসচেতনতামূলক কর্মসূচী আয়োজন এবং প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, আলেম-উলামা ও সামাজিক সংগঠনের সমন্বয়ে যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার উদ্যোগ গ্রহণ।
স্মারকলিপি গ্রহণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন, মাদক সংশ্লিষ্টতায় জড়িত ব্যক্তি যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে তিনি মাদকবিরোধী সামাজিক আন্দোলন ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহŸান জানান।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মুজাম্মিল হেলালী, সভাপতি ফরহাদুজ্জামান, সাধারণ সম্পাদক রেজওয়ান চৌধুরীসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে প্রশাসন ও সচেতন মহলের সমন্বিত উদ্যোগই সময়ের দাবি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






