স্টাফ রিপোর্টার
শহরতলীর টুকেরবাজার হাজি কুটি মিয়া ফার্মেসির পেছনে চলছিল অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার সেটি সিলগালা করে দিয়েছেন সিলেট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি ফিজিশিয়ান স্যাম্পল প্রদর্শন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় এই ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জানা গেছে, টুকেরবাজার সুনামগঞ্জ রোডে হাজি কুটি মিয়া ফার্মেসিতে চেম্বার করেন ডা. খলিলুর রহমান নামের একজন এমবিবিএস ডাক্তার। তার বিশাল সাইনবোর্ড আছে। তবে ফার্মেসির পেছনে সাইনবোর্ডহীন একটি ডায়াগনস্টিক সেন্টারের অস্তিত্বের কথা দীর্ঘদিন থেকে শোনার পর গতকাল সোমবার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালায়। এসময় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারের ব্যাপারে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি ফার্মেসির মালিক হাজি কুটি মিয়া। তাই আপাতত সেটি বন্ধ করে দিয়েছেন তারা।
এ প্রসঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ মিয়া জানান, আমরা আপাতত সেটি সিলগালা করে এসেছি। এক সপ্তাহের মধ্যে তারা অনুমোদনের কাগজপত্র দেখাতে পারলে সেটি আবার খুলে দেওয়া হবে। তিনি আরও জানান, ফিজিশিয়ান স্যাম্পল প্রদর্শন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় এই ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।






