আল হারামাইন হাসপাতাল থেকে ২ নারী ছিনতাইকারী গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার

সিলেটে হাসপাতাল থেকে দুই নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে ছয় মাস করে সাজা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
গত বুধবার রাতে নগরীর সোবহানীঘাটস্থ আল হারামাইন হাসপাতাল থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন মহানগরীর শাহজালাল উপশহর এলাকার এইচ বøকের সুমন মিয়ার স্ত্রী পপি বেগম (৩০) ও শামীম মিয়ার স্ত্রী শিউলি (২৪)। এর আগে পপি বেগম চুরি ও ছিনতাইয়ের অভিযোগে একাধিকবার আটক হয়ে জেল খেটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বুধবার রাত ৮টার দিকে আল হারামাইন হাসপাতালে আসা এক নারীকে ভয় দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে পপি ও শিউলিকে আটক করে পুলিশে দেয় জনতা। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে সাজা দেওয়া হয়। ছিনতাইকারী দুই নারী আটক ও ভ্রাম্যমান আদালতের সাজার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি খান মো. মাঈনুল জাকির।