মোঃ মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ
সাম্প্রতিক অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের সীমান্তবর্তী জনপদগুলোতে দেখা দিয়েছে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি এবং পানি বাহিত রোগ বালাই। দুর্গম ও প্রত্যন্ত এলাকার অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকায় তাদের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল সোমবার (১৩ জুলাই) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী লাউরগড় এলাকায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) উদ্যোগে একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা প্রদান এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সীমান্ত এলাকার অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন বিজিবি সিলেটের ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার মেজর চৌধুরী ইমরান মাহমুদ এবং তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. নাজমুল আরেফিন।
চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয়রা জানান, সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতার কারণে অনেকেই জ্বর, সর্দি-কাশি, চর্মরোগ ও পানি বাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। সীমান্তবর্তী দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত হওয়ায় বিজিবির এই উদ্যোগ তাদের জন্য বড় ধরনের সহায়তা হিসেবে এসেছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রæতিবদ্ধ। মানবিক দায়িত্ববোধ থেকে সীমান্ত এলাকার ক্ষতিগ্রস্ত জনগণের জন্য এই চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “দেশের মানুষের কল্যাণে বিজিবির এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল বিজিবির এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সীমান্ত অঞ্চলের মানুষের জন্য এমন স্বাস্থ্যসেবা কার্যক্রম অত্যন্ত প্রয়োজনীয়। এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠী সরাসরি উপকৃত হয়েছে।








