হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. শাহিন আলম রবিন (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। গত রবিবার রাত প্রায় ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সায়হাম ফিউচার পার্কের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
অভিযানকালে আটক শাহিন আলম রবিনের হেফাজত থেকে আইফোন, ভিভো, রিয়েলমি, রেডমি ও টেকনোসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৫০ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
আটক শাহিন আলম রবিন মাধবপুর পৌর এলাকার পশ্চিম মাধবপুর গ্রামের শামছুল আলম খানের ছেলে।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান জানান, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিক শনাক্ত এবং চোরাই মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাধবপুর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
তিনি আরও জানান, চুরি ও ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি চোরাই মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





