বাজারে শীতের সবজির দাম অস্থিতিশীল

5

স্টাফ রিপোর্টার

সিলেটে বেশ কিছু দিন ধরে সবজির বাজার অস্থিতিশীল। বেশি দামের চাপে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। সাধারণত শীতের সবজি বাজারে আসলে দাম কমে। এবার কিন্তু তার উল্টোটা। সিলেটের বাজারে পর্যাপ্ত যোগান থাকা সত্বেও আশানুরূপ কমছে না সবজির দাম। এ অবস্থায় সীমিত বাজার করছেন মধ্য আয়ের মানুষেরা। আর নিম্ন আয়ের অনেক ক্রেতারা সবজি কিনতে না পেরে অপেক্ষায় আছেন দাম কমার।
রবিবার নগরীর কাঁচাবাজারগুলোতে গিয়ে দেখা যায়, বাজারে সারি সারি করে সাজানো আছে শীতকালীন সবজি। বেশিরভাগ সবজির দাম ৬০ থেকে ৮০ টাকা কেজি। শিম, টমেটো, গাজর, নতুন আলু আপাতত নিম্নবিত্তের সাধ্যের বাইরে। সবচেয়ে কম দামে মিলছে পেপে, মূলা, ফুলকপি ও বাধাকপি। তবে এগুলোর দামও ৫০ টাকার উপরে। শীতের ভরা মৌসুমেও সিলেট মহানগরীর বিভিন্ন বাজারে সবজির দাম চড়া। মরিচ, পেঁয়াজ, আলু, চিচিঙ্গা, বেগুনসহ নিত্যদিনের সব সবজির দামই ক্রয় ক্ষমতার বাইরে। মধ্য আয়ের মানুষেরা কমবেশি বাজার করতে পারলেও বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। পরিবারের প্রতিদিনের তিন বেলা খাবার জোগান দিতেই হিমশিম খাচ্ছেন তারা। পাইকারি দামেও সবজি কিনতে পারছেন না অনেকে। ক্রেতারা জানান, আমরা এখন অসহায়। যেভাবে দাম বাড়ে সেভাবে কমে না। এই মৌসুমে সবজির দাম অনেক কম থাকার কথা। কিন্তু বাজারের যে অবস্থা, দাম কমার কোন লক্ষণ নেই। সরকারের কোন পদক্ষেপও চোখে পড়ছে না।
ব্যবসায়ীরা জানান, চাহিদা অনুযায়ী পাইকারি বাজারে সবজি মিলছে না। তাই সবজির দাম এখনও বাড়তি। শীতের সময় চলে এসেছে। বাজারে সবজিও বাড়ছে। তাই সামনে সবজির দাম আরও কমবে। আশা করা যাচ্ছে আগামী ১৫ দিনের মধ্যে সবজির দাম ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসবে।