স্টাফ রিপোর্টার :
সিলেট-জকিগঞ্জ সড়কে দক্ষিণ সুরমার আলমপুরে দীর্ঘ ১৫ বছর পর শেখ হাসিনা শিশুপার্ক পরশু শনিবার আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে। এ পার্কের দুই দফা নাম পরিবর্তন করে শেখ হাসিনা শিশুপার্ক নাম করণ করা হয়। শনিবার ২৫ সেপ্টেম্বর এটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সিলেট-১ আসনের সংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
সিসিক সূত্র জানায়, ২০০৬ সালে দক্ষিণ সুরমার আলমপুরে পার্ক নির্মাণ কাজ শুরু করে সিলেট সিটি কপোরেশন। প্রথমে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের নামে ছিল পার্কটি। সে সময়ে মাটি ভরাট, সীমানা প্রাচীর নির্মাণ, বৈদ্যুতিক সাব-স্টেশন স্থাপন, দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ করা হয়। পার্কের সব কাজ সম্পন্ন হয় ২০০৯ সালে। ২০১৭ সালের ৭ নভেম্বর থেকে পার্কে রাইড বসানোর কাজ শুরু হয়। তখন ছয় মাসের ভেতর পার্কটি চালু হবে বলে আশ্বাস দিয়েছিল নগর কর্তৃপক্ষ। কিন্তু রাইড বসানোর পর দীর্ঘ প্রায় ৪ বছর পেরিয়ে গেলেও পার্কটি চালু হয়নি। সরকার পরিবর্তন হওয়াতে নামকরণে জটিলতা সৃষ্টি হয়। এসব কারণে ৮ বছর পরিত্যক্ত থাকে পার্কটি। পরে ‘সিলেট ন্যাচারাল পার্ক’ নামকরণ করে পার্কটি চালু করার সিদ্ধান্ত নেয় সিসিক। পরে পার্কটির নাম বদল করে শেখ হাসিনা শিশুপার্ক করা হলে অর্থও বরাদ্দ আসে।
সিসিক সূত্রে জানা যায়, পার্ক তৈরিতে এখন পর্যন্ত প্রায় ২৫ কোটি টাকা ব্যয় হয়েছে। ২০২১-২২ অর্থবছরের বাজেটে আরও দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পার্কটিতে ইতোমধ্যে ২০টির মতো রাইড বসানো হয়েছে। এরমধ্যে ম্যাজিক প্যারাস্যুট, মনোরেল, ভিজিটিং ট্রেন, রেলগাড়ি, পাইবেটশিপ, স্নিপার, সিসরাইড, বোট, টুইস্টার, বাম্পার কার, ফ্ল্রট ফ্লাইং চেয়ার, নাগরদোলা, ফ্যারসেল ও জাম্পিং ফ্রগসহ বেশ কয়েকটি রাইড উল্লেখযোগ্য।
সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান জানান, প্রায় ১৫ বছর পর শনিবার ২৫ সেপ্টেম্বর ‘জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক’ চালু করা হবে। ওইদিন পার্কটির শুভ উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে পার্কটি পুরোদমে চালু করা হবে।






