রংপুর রেঞ্জার্সকে ৮ উইকেটে হারালো খুলনা টাইগার্স

10

স্পোর্টস ডেস্ক :
আট উইকেট হাতে রেখে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই জয়ের বন্দরে পৌঁছে গেলো মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। রুশোর অপরাজিত ৬৬ রানের অনবদ্য ইনিংসের উপর ভর করে ৪৫ বল হাতে রেখেই নিজেদের তৃতীয় জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় খুলনা।
তিন ম্যাচের তিনটিতেই জিতেছে মুশফিকের খুলনা টাইগার্স। এদিকে, চার ম্যাচের কোনোটিতেই জেতেনি মোহাম্মদ নবীর রংপুর রেঞ্জার্স।
টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনার দলপতি মুশফিকুর রহিম। আগে ব্যাট করে মোহাম্মদ নবীর রংপুর ৯ উইকেট হারিয়ে তোলে ১৩৭ রান। জবাবে, খুলনা ১২.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নামে রংপুর। ওপেনার মোহাম্মদ শাহজাদ ৭ বলে ১১ রান করে বিদায় নেন। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম খেলেন ৪৯ রানের ইনিংস। তার ৩২ বলে সাজানো ইনিংসে ছিল ৫টি চার আর দুটি ছক্কার মার।
তিন নম্বরে নামা ক্যামেরন দেলপোর্ট ৪, নাদিফ চৌধুরি ০, দলপতি মোহাম্মদ নবী ৪ রানে বিদায় নেন। ফজলে মাহমুদ ৩৩ বলে দুই বাউন্ডারি আর দুই ওভার বাউন্ডারিতে করেন ৪২ রান। লুইস গ্রেগরি ২২, তাসকিন আহমেদ ২, আরাফাত সানি ১, মোস্তাফিজুর রহমান ০ রান করেন।
খুলনার পেসার মোহাম্মদ আমির ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন দুটি উইকেট। ৪ ওভারে ২৫ রান দিয়ে কোনো উইকেট পাননি মেহেদি হাসান মিরাজ। ৪ ওভারে ২১ রান দিয়ে তিনটি উইকেট নেন পেসার শফিউল ইসলাম। রবিউল হক ৪ ওভারে ২৫ রান দিয়ে কোনো উইকেট পাননি। রবি ফ্রাইলিঙ্ক ১ ওভারে ৯ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। শহিদুল ইসলাম ৩ ওভারে ৩২ রান খরচায় নেন দুটি উইকেট।
১৩৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে খুলনার ওপেনার নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত ১ রানে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ২২ বলে একটি চার আর চারটি ছক্কায় করেন ৩৭ রান। তিন নম্বরে নামা রিলে রুশো আর মুশফিকুর রহিম ৫৩ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন।
রুশো ৩১ বলে ৯টি চার আর দুটি ছক্কায় করেন অপরাজিত ৬৬ রান। মুশফিক ১৭ বলে দুই বাউন্ডারিতে করেন অপরাজিত ১৭ রান।
মোস্তাফিজ ২ ওভারে ১৮ রান দিয়ে একটি, মুকিদুল ইসলাম ৩ ওভারে ২৮ রান দিয়ে একটি উইকেট পান। মোহাম্মদ নবী ২ ওভারে ২১ রান দিয়ে কোনো উইকেট পাননি। আরাফাত সানি ২ ওভারে ২৬ রান দিয়ে কোনো উইকেট পাননি। আর তাসকিন আহমেদ ৩ ওভারে ৩৯ রান দিয়ে থাকেন উইকেটশূন্য।