স্টাফ রিপোর্টার :
সিলেটের সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় আপন দুই ভাইসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
বুধবার ২০ মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টায় মোগলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ওমান প্রবাসী দুলাল মিয়া (৩৫) পিতা মৃত ফজর আলী, হেলাল মিয়া (৩০), জয়নাল মিয়া (২৫), লিলু মিয়া (৪০)।
ঐ ঘটনায় আহত লিলু মিয়া জানান, সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনের দিন আনারস মার্কার সমর্থক শামীমের সাথে কথা কাটাকাটি হয় ওমান প্রবাসী আওয়ামীলীগ প্রার্থী নৌকা মার্কার সমর্থক দুলাল মিয়ার। এর জের ধরে ২০ মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টায় ওমান প্রাবাসী দুলাল মিয়ার উপর আক্রমণ করে শামীম।
তিনি জানা দুলাল মিয়া বাড়ির পুকুর থেকে গোসল করে যাওয়ার পথে তার উপর আক্রমণ করে শামীম এ সময় দুলাল মিয়ার চিৎকার শুনে তার ভাই হেলাল সহ আমি ও জয়নাল এগিয়ে এলে আমাদের উপরও আক্রমণ করে শামীম। এ সময় দুলাল মিয়ার ডান হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহতদের মধ্যে দুলাল অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানান। রাতেই দুলাল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হতে পারে।
জালালাবাদ থানার ওসি শাহ মোঃ হারুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের পারিবারিক ঝামেলায় এ সংঘর্ষ ঘটেছে বলে তিনি খবর পেয়েছেন। অন্য কিছু হলে বিষয়টি খতিয়ে দেখবেন।





