কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির কেউটিহাওর গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার সকাল অনুমান ১০ টার দিকে প্রতিপক্ষের লোকজন এক নীরিহ ভূমিহীন কৃষকের একটি গরুর পিছনের ডান পা কেটে নিয়েছে। গরুর পা কেটে নেওয়ার ঘটনায় এলাকায় জনমনে ধিক্কার উঠেছে। কানাইঘাট থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায় কেউটি হাওর গ্রামের মৃত সানুহর আলীর পুত্র ভূমিহীন বিলাল উদ্দিন (৫৮) সাথে একই গ্রামের মহিলা ইউপি সদস্যা ছইয়ন বিবির পরিবারের লোকজনের বিরোধ চলে আসছিল। বিলাল উদ্দিন কে তার ভিট বাড়ী থেকে উচ্ছেদ করার জন্য ইউপি সদস্যার পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ভূমিহীন বিলাল উদ্দিন তার পালিত ৩টি গরু বাড়ীর পার্শ্ববর্তী মাঠে ঘাষ খাওয়ানোর জন্য রশি দিয়ে বেধে রেখে দৈনন্দিন কাজে চলে যান। এই সুযোগে সকাল অনুমান ১০ টার দিকে পূর্ব শত্র“তার জের ধরে ইউপি সদস্যা ছইয়ন বিবির পুত্র আজির উদ্দিন (৩৫) জালাল উদ্দিন (৩০) উসমান আলী (২৫) মোটর সাইকেল যোগে ঘটনাস্থলে এসে বিলাল উদ্দিনের ৩টি গরুকে আটক করে ১টি ডেকি গরুর পিছনের ডান পা ধারালো দা দিয়ে কুপিয়ে হাঁটুর নীচ বিচ্ছিন্ন করে গরুর পা নিয়ে উল্লাস করে নিয়ে যায় বলে স্থানীয় লোকজন ও বিলাল উদ্দিনের পরিবারের লোকজন জানিয়েছেন। ডান পা বিচ্ছিন্ন গরুটি উদ্ধার করে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় গরুর মালিক বিলাল উদ্দিন বাদী উল্লেখিত ৩ ভাইকে আসামী করে গতকাল বৃহস্পতিবার রাতে অভিযোগ দায়ের করেছেন।






