ওবিয়ানীবাজার থেকে সংবাদদাতা :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটানো আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। এ সরকার ক্ষমতায় এলে মানুষের সার্বিক জীবনমান উন্নয়ন হয়, আর বিএনপি জামাত এলে দুর্নীতি লুটপাট করে নিজেদের পকেট ভারি করা হয়। শিক্ষা ক্ষেত্রে আমরা আশানুরূপ এগিয়েছি। বিশ্ব আমাদেরকে এখন অনুসরণ করছে। শনিবার দুপুরে উপজেলার কাকুরা জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, প্রাকৃতিক দুর্যোগ বন্যা আমাদের অনেক ক্ষতি করে।ে এ সময়ে সরকার ও আমাদের দলের নেতারা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। শুকনো মৌসুম এলেই ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, ঘরবাড়ি মেরামত করা হবে।
তিনি বলেন, নতুন প্রজন্মকে সবার আগে উচ্চশিক্ষিত করতে হবে। এ লক্ষ্যে সরকার পদক্ষেপ নিয়েছে। এখন বাড়িতে থেকেই ছেলেমেয়েরা অনার্স মাস্টার্স পড়তেই পারছে। যা কিছুদিন আগেও ছিল কল্পনাতীত। এ বিষয়টি চিন্তা করে দলমত নির্বিশেষে সবাইমিলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
তিনি আরোও বলেন, আমাকে ভোট দিয়ে আপনারা এমপি বানিয়েছেন। এজন্য আমি শিক্ষামন্ত্রী হলেও সকল কৃতিত্ব আপনাদের। এ কারণে সবার মুখ উজ্জ্বল রাখতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়া, সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল।
এ সময় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মাহমদ আলী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার অধ্যাপক আব্দুল খালিক, স্কুলের প্রধান শিক্ষক জালাল আহমদ প্রমুখ।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল হান্নান, সদস্য আফজাল হোসেন সাজু প্রমুখ।
এছাড়া শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপজেলার রহমতাবাদ দারুসসুন্নাহ আলীম মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, কাকুরা ও নাটেশ্বর গ্রামের ‘শুভ গ্রাম বিদ্যূতায়ন’ উদ্বোধন, পাঞ্জিপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন, দুবাগ আইডিয়াল একাডেমির নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, উদ্বোধন ও বড় গ্রাম এলাকায় শুভ গ্রাম বিদ্যুতায়ন ও বিভিন্ন স্কুল মাদ্রাসার ভবনের শুভ উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন।





