স্টাফ রিপোর্টার :
নগরীর হাজারীবাগে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে অপহরণ করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। হাজারীবাগ ৩১নং বাসার বাসিন্দা অপহৃত তরুণীর পিতা মোঃ সুহেদ আহমদ বাদি হয়ে মহিলাসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করে এয়ারপোর্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। নং- ৩ (০৪-০১-১৫)।
মামলার আসামীরা হচ্ছে- শেরপুর সদর থানার আমপাড়ার মোঃ রহমত উল্লার পুত্র বর্তমানে হাজারীবাগ ৩০ নং বাসার বাসিন্দা মোঃ আকরাম হোসেন (৩০), হাজারীবাগ ৫০/৩ নং বাসার আব্দুর রাজ্জাকের পুত্র মোঃ কামরুল ইসলাম (২২) ও হাজারীবাগ ৩০ নং বাসার আব্দুল মুমিন রাজা মিয়ার কন্যা ফৌজিয়া (৩১)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত ২ জানুয়ারী সকাল ৯ টার দিকে ১৭ বছরের তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামীরা অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটনার সময় আসামী কামরুল ইসলাম তরুণীকে একটি সিএনজি অটোরিক্সায় তুলে নিয়ে লাপাত্তা হয়ে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এয়ারপোর্ট থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম জানিয়েছেন, ভিকটিমকে উদ্ধার ও আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।







