স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা থেকে চোলাই মদসহ গ্রেফতারকৃত মাদক সম্রাট নাজিম উদ্দিন (৩০)কে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার গ্রেফতারকৃত নাজিমকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করেছে পুলিশ। ধৃত নাজিম দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের টিলামোহনপুর গ্রামের আজির উদ্দিনের পুত্র। বর্তমানে সে দক্ষিণ সুরমা রেলওয়ে কলোনীর বাসিন্দা।
পুলিশ জানায়, গত শুক্রবার রাত আড়াই টার দিকে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ শফিকুল ইসলাম খানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনিক্যাল রোডের জিঞ্জির শাহ্’র মাজার সংলগ্ন রেলওয়ে কলোনীতে অভিযান চালিয়ে মাদক সম্রাট নাজিমকে গ্রেফতার করে। এ সময় পুলিশ নাজিম উদ্দিনের বসত ঘরে তল্লাসী করে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করে। পুলিশের উপস্থিতি ঢের পেয়ে নাজিমের সহযোগী মাদক বিক্রেতা ইকবাল ও বাহার উদ্দিন পালিয়ে যায়। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার এসআই মোঃ শফিকুল ইসলাম খান বাদি হয়ে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। নং- ১০ (১৩-১২-১৪)।
মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ সোহেল রানা জানান, গতকাল ধৃত মাদক সম্রাট নাজিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নাজিম দীর্ঘদিন ধরে রেলওয়ে কলোনীতে অবস্থান করে তার সহযোগী ইকবাল ও বাহার উদ্দিন মিলে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।






