তাহিরপুর সংবাদদাতা
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও লন্ডনে পালিয়ে থাকা সাবেক এমপি রণজিত চন্দ্র সরকারের ঘনিষ্ঠ সহযোগী আজিজুল হককে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদর বাজারের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আজিজুল তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের মৃত রিফাত আলীর ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।
জানা যায়, বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে সিলেটের টিলাগড়ের আলোচিত রণজিত চন্দ্র সরকারের বদৌলতে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ বাগিয়ে নেন উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের মৃত রিফাত আলীর ছেলে মাছ ব্যবসায়ী আজিজুল হক। ২০২৪ সালের ৭ জানুয়ারি সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) আসনের তৎকালীন আওয়ামীলীগ দলীয় এমপি রণজিত সরকার বিজয়ী হওয়ার পর পুলিশ, উপজেলা প্রশাসন, তাহিরপুরের সরকারি বেসরকারি সব সেক্টরে ছড়ি ঘুরাতে থাকেন তিনি। এমপি রণজিতের প্রভাবে টেন্ডারবাজি, জলমহালে দখল পাইয়ে দেয়া, চোরাচালান, হাটবাজারে খাস আদায়ের নামে হরিলুট, খেয়াঘাট ইজারা, শুল্ক স্টেশনে নিজেদের ছায়া লোকজন বসিয়ে চাঁদাবাজি করতে থাকেন আজিজুল হক।
আজিজুলকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে রবিবার সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিকুল হাসান জানান, ‘তাহিরপুর থানায় ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে দায়ের করা একটি নাশকতার মামলায় তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় এজাহারানামীয় অন্যান্য আসামি ও ঘটনার সঙ্গে সম্পৃক্ত আজিজুলের অন্য সহযোগীদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে।’





