ভারতে অনুপ্রবেশের চেষ্টা জামিন পেয়ে ফের ভারতে ঢুকার চেষ্টা, কুলাউড়ায় আটক ৪ জন

16

কুলাউড়া সংবাদদাতা

মৌলভীবাজারের কুলাউড়ায় এক মানবপাচারকারীর বাড়ি থেকে দুইদিন আগে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। পরে তাদেরকে থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়। শুক্রবার সকালে পুলিশ তাদেরকে আদালতে পাঠালে বিচারক দুই শিশু ও দুই নারীকে জামিন দেন। জামিন পাওয়ার পর রাতেই আবারো ভারতে যাওয়ার চেষ্টাকালে ওই চারজনকে আটক করেছে বিজিবি।
শনিবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জামাল হোসেন। তিনি বলেন, গত ২৮ নভেম্বর দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক এলাকার মানবপাচারকারী ওয়াসকুরুনীর বাড়ি থেকে ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়।
তিনি আরো বলেন, শুক্রবার সকালে ওই আট জনকে আদালতে পাঠায় পুলিশ। তাদেরকে আদালতে তোলার পর বিচারক লামিয়া (৭), ফুলি (৩৫), সাথী (২৫) ও তার তালহাকে (২) জামিন দেন। বাকি চারজনকে কারাগারে পাঠান। এদিকে, জামিন পেয়ে রাতেই ওই চারজন আবারো লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিজিবির সদস্যরা তাদেরকে ফের আটক করেন। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক বলেন, শনিবার দুপুরে আটককৃত দুই শিশু ও দুই নারীকে আদালতে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গলে অবস্থিত বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরের সহকারী পরিচালক জামাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে শনিবার দুপুরে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফুলি ও সাথী জানিয়েছেন, ভারতে তাদের আত্মীয় আছে। তাই বেড়ানোর উদ্দেশ্যে সেখানে যেতে চেয়েছিলেন তারা।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, বিজিবির করা ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে মৌলভীবাজারের আদালতে পাঠানো হয়েছে।