পশ্চিমদর্শায় কীটনাশক পানে অটোরিক্সা চালকের মৃত্যু

7

স্টাফ রিপোর্টার :
শহরতলীর পশ্চিমদর্শায় কীনাশক পান করে এক সিএনজিচালিত অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। গত সোমবার দুপুরে দিকে আলী আহমেদ (৩০) নামের ওই যুবক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এর আগে রবিবার দুপুরে তিনি নিজ বসতঘরে কীটনাশক পান করেন।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, জালালাবাদ থানার পশ্চিমদর্শা গ্রামের ইসহাক আলীর পুত্র আলী আহমেদ রবিবার দুপুর দেড়টার দিকে নিজের বসতঘরে কীটনাশক পান করেন। পরে তাকে অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা ওসমানী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন (সোমবার) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে জালালাবাদ থানার একদল পুলিশ ওসমানী হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য প্রেরণ করে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। তবে কী কারণে আলী আহমেদ কিটনাশক পান করেছে সে বিষয়টি এখনও জানতে পারেনি পুলিশ।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান মৃতের পরিবারের বরাত দিয়ে বলেন, আলী আহমেদ পেশায় সিএনজিচালিত অটোরিক্সা চালক। রবিবার দুপুরে তাকে তার বিছানায় ছটফট করতে দেখে পরিবারের লোকেরা হাসপাতালে নিয়ে যান। তবে তাকে কিটনাশক পান করতে পরিবারের লোকেরা দেখতে পাননি। আমরা হাসপাতাল সূত্রে তথ্যটি পেয়েছি। কেন তিনি কীটনাশক পান করলেন সেটি খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।