স্টাফ রিপোর্টার :
নগরীতে আবারও বেপরোয়া ট্রাকের মাধ্যমে ঘটেছে প্রাণহানি। এবার আম্বরখানা পয়েন্টে দ্রতগতির একটি ট্রাকের ধাক্কায় এক মহিলা নিহত হয়েছেন। গত শুক্রবার দিবগাত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মহিলার নাম- নুরজাহান বেগম বেবী (৫৫)। তিনি এয়ারপোর্ট থানার গোয়াইপাড়া এলাকার মল্লিকা-৪৯/৭ নং বাসার মৃত ফারুক মিয়ার স্ত্রী।
এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, শুক্রবার দিবগাত রাত সাড়ে ১২টার দিকে নুরজাহান বেগম বেবী আম্বরখানা জামে মসজিদের সামনে দিয়ে হেটে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৫৬৮৭) তাকে ধাক্কা দেয়।
পথচারীরা নুরজাহানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে রাত আড়াই টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ট্রাক চালক সার জাহান মিয়াকে (২৮) আটক ও ট্রাকটিকে জব্দ করে।
এ মৃত্যুর ঘটনায় নুরজাহান বেগমের মেয়ে মোছা. রোজিয়া আক্তার (২৭) বাদি হয়ে এয়ারপোর্ট থানায় মামলা (নং-২৩) দায়ের করেছেন। সে মামলায় সারজাহান মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে গতকাল শনিবার আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়।




