স্টাফ রিপোর্টার :
নগরীর টিলাগড় এলাকা থেকে চাঁদাবাজ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৯। গত বুধবার রাতে শাহপরান থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, শাহপরান থানার সৈয়দপুর গ্রামের মৃত সফু মিয়ার পুত্র মঈন মিয়া (৪৫), একই এলাকার মামুন মনু মিয়ার পুত্র জালাল মিয়া (৩২) ও মনির আলীর পুত্র মামুন মিয়া (২৮)।
র্যাব-৯’র প্রাথমিক তথ্য থেকে জানা গেছে, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। তারা টার্গেটকৃত ব্যক্তিদের সাথে সংঘবদ্ধ ভাবে চাঁদাবাজি করতো। প্রথমে কোন ব্যক্তিকে টার্গেট করতো এবং টার্গেটকৃত ব্যক্তির পরিবারের বিষয়ে বিস্তারিত জানতো। তারপর সুযোগ বুঝে জোরপূর্বক ভাবে বিভিন্ন কাজে বাধাদান করতো এবং একপর্যায়ে চাঁদাদাবি করতো। টার্গেটকৃত ব্যক্তি চাঁদা দিতে অস্বীকার করলে এই সংঘবদ্ধ চাঁদাবাজ দল চুরি, ক্ষতিসাধনসহ প্রাণনাশের ভয়ভীতি প্রদান করতো। গোপনে এমন সংবাদ পেয়ে গত বুধবার রাত সোয়া ১০ টার দিকে র্যাব-৯’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শাহপরান থানার টিলাগড় এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজ মঈন মিয়া, জালাল মিয়া ও মামুন মিয়া গ্রেফতার করে।
এর আগে এক ভুক্তভোগী ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে বুধবার শাহপরাণ (রঃ) থানায় একটি মামলা রুজু হয়। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। চক্রটির পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে।
জানা গেছে, ভুক্তভোগীর ক্রয়সূত্রে প্রাপ্ত জমিতে একটি টিন সেড বিল্ডিং তৈরী করতে গেলে আসামীরা ভুক্তভোগীর জমিতে দলবলসহ এসে চাঁদাদাবি করে এবং চাঁদা না দিলে কাজ করতে দিবে না বলে জানায়। ভুক্তভোগী চাঁদা না দিলে আসামীরা দেয়াল ভাংচুর করে ২ লক্ষ টাকার ক্ষতিসাধন করে এবং রড, সিমেন্ট, লোহার বালতিসহ ২৯ হাজার টাকা মূল্যমানের মালামাল চুরি করে প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করেছিল। মামলার পরবর্তী সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদেরকে শাহপরাণ (রঃ) থানায় হস্তান্তর করা হয়েছে।






