দুরূহ সময়ের নীলদর্পণে

11

কাজী আরিফ

দুরূহ সময়ের নীলদর্পণে ভেসে গেছে
বছরটির কোমলমতি সুখানুভূতি,
সময়ের স্রোতে সঙ্গী হয়ে
বিবর্ণ চেহারায় ঝিমুচ্ছে ধরা ভূমি।

উন্মুক্ত আকাশ খানি উদারতায়
সিক্ত করেও বিশুদ্ধ-নির্মল করতে
পারল না প্রাণবায়ুর শ্বাস-প্রশ্বাস টুকু,
উদভ্রান্তের চাহনিতে বিক্ষিপ্ত দৃষ্টি টুকু।

সময়ের হিসেবে কালের গহ্বরে নিমজ্জিত
হতে চলছে অশান্ত, প্রশ্নবিদ্ধ একটি বৎসর!
কোন্ বিবর্তনের দিকে এগুচ্ছে
এই শতাব্দীর অন্দর মহলের বেদ-বাক্য!

মরু-প্রান্তরের রুক্ষতা বক্ষে করছি ধারণ
অন্তহীন দিগন্ত রেখায় ধাবিত প্রতিক্ষণ,
বিষণœ, নির্মোহ চিন্তা পরিধির প্রান্তিক,
জীবন-নদী করে কূল ধ্বনি নি¤œস্বর ভিত্তিক।

অসহায়ত্বের মেঘেরা করে আনাগোনা
নির্লিপ্তে আশা-নিরাশায় স্বপ্ন বোনা,
ভবিতব্য অনিশ্চিতের কুয়াশাচ্ছন্ন
ঠিকানাহীন সময়ের কোলে ঢলে পড়ছে
ঘর্মাক্ত, ব্যথাতুর নাসিকা রন্ধ্র।

নব সূর্যোদয়ের নতুন বছরটিতে সুখের পায়রা
হয়ে উড়বে কি জীবন নামক পঙ্খিরাজ?
নিশ্চিত সময়ের অববাহিকায়
বৈতরণী পারাবারে শ্বেতদর্পণে কি
ভাসবো আমরা!?