ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে রাতের আঁধারে দুষ্কৃতিকারীর দেওয়া আগুনে এক ক্ষুদ্র ব্যবসায়ীর ঘরের মালামাল পুড়ে প্রায় দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার গোয়ালাবাজার খাদিমপুর রোডে ঘটনাটি ঘটে। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পায় মার্কেটসহ আবাসিক বাসা।
জানা যায়, মঙ্গলবার রাত তিনটার দিকে ক্ষুদ্র ব্যবসায়ী জামাল জানতে পারেন তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ধোয়া বেরুতে দেখা যাচ্ছে। ছুটে এসে তিনি ৯৯৯ নাম্বারে কল ফায়ার সার্ভিসের সহযোগিতা চান এবং স্থানীয় জনতাকে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। রাত পৌনে চারটার দিকে তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তৎক্ষণে একটি ফ্রিজসহ ঘরের মালামাল পুড়ে যায়। এই দোকানের পাশে আরো ৮- ৯টা দোকান এবং দু’তলায় আবাসিক বাসা ছিল। সময় মতো আগুন নিয়ন্ত্রণে না আনলে বড় ধরণের বিপদের আশঙ্কা ছিল।
ব্যবসায়ী জামাল মিয়া জানান, দোকানে এসে দেখতে পাই সাটারের নিচ দিয়ে ঘরের ভেতরে একটি পাইপ ঢোকানো রয়েছে এবং দোকানের পাশে কেরোসিনের বোতল ও পাইপে তেল ঢোকানোর উপকরণ পাওয়া গেছে।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।






