পিএসজির হৃদয় ভেঙেছে বায়ার্ন

11

স্পোর্টস ডেস্ক :
পিএসজি খুব প্রয়োজনের সময় যেন গোল করতে ভুলে গেল। দুই বড় ভরসা নেইমার-এমবাপে রইলেন নিজেদের ছায়া হয়ে। দুয়ারে গিয়েও ইতিহাস গড়া হলো না পিএসজির। আসরজুড়ে দুর্দান্ত ফুটবল খেলা বায়ার্ন মিউনিখ উজ্জ্বল শেষ বেলাতেও। ফরাসি চ্যাম্পিয়নদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ষষ্ঠ শিরোপা জিতল হান্স ফ্লিকের দল।
লিসবনে রবিবার রাতের ফাইনালে দুই দলের মাঝে ব্যবধান গড়ে দিয়েছে কিংসলে কোমানের একমাত্র গোল। ২০১২-১৩ মৌসুমের পর আবারও ইউরোপ সেরার ট্রফি জিতল বায়ার্ন।
আক্রমণাত্মক ফুটবলে অদম্য হয়ে ওঠা বায়ার্ন চলতি মৌসুমে সম্ভাব্য সবকটি শিরোপাই ঘরে তুলল। ২০২০-এ কোনো ম্যাচ না হারা দলটি এই নিয়ে টানা ২১ ম্যাচ জয়ের পথে উঁচিয়ে ধরল বুন্ডেসলিগা, জার্মান কাপ ও এই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।
ক্লাবের সমৃদ্ধ ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার ‘ট্রেবল’ জিতল মিউনিখের দলটি। প্রথমবার তারা জিতেছিল ২০১২-১৩ মৌসুমে, ইয়ুপ হেইঙ্কেসের কোচিংয়ে।
নেইমার-এমবাপেদের মতো তারকাদের কাঁধে ভর করে প্রথম ফাইনালেই বাজিমাত করার স্বপ্ন বুনেছিল পিএসজি। প্রতিপক্ষের অতি-আক্রমণাত্মক কৌশলে বিপরীতে গতিময় ফুটবলে অসাধারণ কিছু করে দেখানোর স্বপ্ন দেখেছিল দলটি। কিন্তু মাঠে নিজেদের মেলে ধরতে পারেনি তারা।
ডিফেন্স লাইন ওপরে টেনে সেই পুরনো কৌশলেই খেলেছে বায়ার্ন। তাতে প্রতিপক্ষের সীমানায় ফাঁকা জায়গা তৈরি হলেও সেই সুযোগ নিতে পারেনি পিএসজি। তাদের খেলায় চেনা গতির অভাবও ছিল বেশ। গোল হজমের পর তো আরও খেই হারিয়ে ফেলে তারা। শুরু ও শেষে ভালো কিছু সুযোগ পেলেও ফিনিশিংয়ের ব্যর্থতায় মিলেছে শুধুই হতাশা।