স্টাফ রিপোর্টার :
সিলেটে একদিনে আরো ৪৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। প্রাপ্ত তথ্যানুসারে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৯ জনে।
জানা গেছে, গতকাল সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ১৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৪৯ জনের শরীরে পাওয়া গেছে করোনা ভাইরাসের অস্তিত্ব। আক্রান্তরা সিলেট সদর, কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর, ওসমানীনগরসহ কয়েকটি উপজেলার বাসিন্দা। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এসব তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে সিলেট জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১৪ জনে। এদিকে, শাবির ল্যাবে সুনামগঞ্জের ১০ জনের করোনা ধরা পড়েছে।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিসের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান জানান, সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে ১ হাজার ৪০ জন। সোমবার রাতে সিলেটে নতুন ৪৯ জন ও সুনামগঞ্জে ১০ জন মিলে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৯ জনে। মৌলভীবাজার ও হবিগঞ্জের ফলাফল আসার পর এই সংখ্যার সাথে আরও যুক্ত হবে করোনা রোগী।






