স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা উপজেলার তেতলীতে দুই মাইক্রোবাসের সংঘর্ষে মা ও মেয়ে নিহত এবং অন্তত: আরো ৫ গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেতলী নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হচ্ছে- জালালাবাদ থানার যুগীরগাঁও গ্রামের আমীর আলীর স্ত্রী আসমা বেগম (৩০) ও তার কন্যা আনিসা (৪)। এছাড়া গুরুতর আহত হয়েছেন- আয়সা বেগম (৪০), জান্নাত (১৬), শাহনাজ (৩৫) ও খায়রুন নেছাকে (৩০) উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত আরেকজনের পরিচয় জানা যায়নি।
নিহতের চাচাতো ভাই আবুল হোসেন জানান, বর যাত্রীবাহী (ঢাকামেট্রো-চ-১৩-১১৪৫) নং মাইক্রোবাসটি দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের হাজরাই গ্রাম থেকে বিশ্বনাথ উপজেলার আনিকা কমিউনিটি সেন্টারে যাচ্ছিল। প্রতিমধ্যে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী অপর একটি মাইক্রোবাস (ঢাকামেট্রো-চ-১৯-২৮৪২) বর যাত্রীবাহী মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়। তখন বর যাত্রীবাহী মাইক্রোবাসটিতে থাকা আসমা বেগমের কন্যা আনিসা ঘটনাস্থলেই মারা যান এবং আসমা বেগমকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, দুর্ঘটনার পর ঘাতক মাইক্রোবাসটির চালক পালানোর চেষ্টা করলে স্থানিয়রা তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিন সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ফজল বলেন, চালকসহ ঘাতক মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।





