জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর-কেশবপুর ফাজিল (বিএ) মাদ্রাসার আরবী প্রভাষক জগন্নাথপুর উপজেলার স্বনামধন্য আলেম মাওলানা আবদুল করিম ফারুকী হুজুর ঢাকার কল্যাণপুর এলাকায় অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে সর্বস্ব খুইয়ে গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, গত ৪ ফেব্র“য়ারি রবিবার রাতে গাড়িতে থাকা অজ্ঞান পার্টির এক সদস্য যাত্রী বেশে পাশে বসে আলাপ চারিতার এক পর্যায়ে ফারুকী হুজুরকে একটি পান খাওয়ায়। পান খাওয়ার কিছুক্ষণ পর থেকে ফারুকী হুজুর জ্ঞান হারিয়ে অচেতন হয়ে পড়েন। এ সুযোগে অজ্ঞান পার্টির সদস্য ফারুকী হুজুরের পরনের পাজামা সহ সর্বস্ব লুট করে নিয়ে যায়।
এদিকে-৫ ফেব্র“য়ারি সোমবার দুপুর ১২ টার দিকে ফারুকী হুজুরকে ঢাকার স্থানীয় হানিফ বাস কাউন্টার এলাকায় অচেতন বি-বস্ত্র অবস্থায় দেখতে পান পথচারী লোকজন। পরে গুরুতর আহত অবস্থায় হুজুরকে ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হুজুরের জ্ঞান ফিরেছে বলে হুজুরের সাথে থাকা লোকজন নিশ্চিত করেছেন।
এ ঘটনায় জগন্নাথপুরের আলেম-উলামা সহ সর্বস্তরের জনতার মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। সেই সাথে জগন্নাথপুরের সাংবাদিক নেতৃবৃন্দ ফারুকী হুজুরের আশু সুস্থতা কামনা করেন এবং এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।






