সকল প্রস্তুতি সম্পন্ন- প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষা আজ থেকে শুরু ॥ সিলেট বোর্ডে এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে

31

স্টাফ রিপোর্টার :
দেশ ব্যাপী আজ রবিবার থেকে শুরু হচ্ছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। এ বছর সারাদেশে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশ নেবে প্রায় সাড়ে ২৮ লাখ শিক্ষার্থী। পরীক্ষার ফলাফল ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রকাশ হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা বোর্ড সূত্র। সিলেট বিভাগের ৪ জেলায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় দুই লাখ ৪৭ হাজার ৩শ’ ৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
গত বছরের তুলনায় এ বছর ৭ হাজার ৭শ’ ৩৯ জন পরীক্ষার্থী কমেছে সিলেট বিভাগে। তাছাড়া এরই মধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিশুরা নির্বিঘেœ পরীক্ষা দিতে পারবে বলেও জানিয়েছেন সিলেট বিভাগীয় উপ-পরিচালক তাহমিনা আখতার। তিনি আরো জানান, এ বছর সিলেট বিভাগে ৬১৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সূত্রে জানা গেছে, পরীক্ষা শুরু হবে আজ রবিবার ১৯ নভেম্বর থেকে চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। প্রতিবারের মতো এবারও প্রতিটি বিষয়ের পরীক্ষায় সময় থাকবে আড়াই ঘণ্টা। পরীক্ষা শুরু হবে সকাল ১১টায়, শেষ হবে দুপুর দেড়টায়। পরিক্ষা রুটিন অনুযায়ি, ১৯ নভেম্বর ইংরেজি, ২০ নভেম্বর বাংলা, ২১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৩ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা ও ২৬ নভেম্বর গণিত। আর ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার সময়সূচিতে রয়েছে, ১৯ নভেম্বর ইংরেজি, ২০ নভেম্বর বাংলা, ২১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর আরবি, ২৩ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ এবং ২৬ নভেম্বর গণিত।
সিলেট বিভাগীয় উপ-পরিচালক তাহমিনা আক্তার জানান, প্রাথমিকে দুই লাখ ৩০ হাজার ৪৪ জন ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে রয়েছে ১৭ হাজার ২শ’ ৮৭ জন পরিক্ষার্থী। তাদের মধ্যে প্রাথমিকে ছাত্র এক লাখ ৩ হাজার ৭শ’ ৪১ জন ও ছাত্রী এক লাখ ২৬ হাজার ৩শ’ ৩ জন। আর ইবতেদায়িতে ছাত্র ৯ হাজার ৮শ’ ৭৯ ও ছাত্রী ৭ হাজার ৪শ’ ৮ জন। তিনি আরও বলেন, সিলেট জেলায় প্রাথমিকে পরীক্ষার্থী ৭৯ হাজার ৩শ’ ৬১ জন ও ইবতেদায়িতে ৭ হাজার ২শ’ ৭৫ জন। মৌলভীবাজারে প্রাথমিকে ৪৩ হাজার ২শ’ ৩৫ জন ও ইবতেদায়িতে ৩ হাজার ২শ’ ৬৭ জন। হবিগঞ্জে প্রাথমিকে ৫১ হাজার ৫শ’ ৬৯ জন ও ইবতেদায়িতে ২ হাজার ৫শ’ ৯১ জন। সুনামগঞ্জে প্রাথমিকে ৫৫ হাজার ৮শ’ ৭৯ জন ও ইবতেদায়িতে ৪ হাজার ১শ’ ৫৪ জন পরীক্ষার্থী রয়েছে। এ বছর সিলেট বিভাগে ৬১৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার মধ্যে সিলেটে ২০৭টি, মৌলভীবাজারে ১০৮টি, হবিগঞ্জে ১৩৫টি ও সুনামগঞ্জে ১৬৮টি কেন্দ্র রয়েছে। ২০১৫ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুই লাখ ৫৫ হাজার ৭০ জন। এর মধ্যে প্রাথমিকে ছিল দুই লাখ ৩৭ হাজার ২শ’ ৮০ জন পরীক্ষার্থী। অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল দুই লাখ ২৪ হাজার ৭শ’ ৭৪ জন। আগের বছরের তুলনায় এবার প্রাথমিক সমাপনীতে সিলেট বিভাগে ৭ হাজার ৭শ’ ৩৯ জন পরীক্ষার্থী কমেছে।